নওগাঁ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন নওগাঁয় এক সোনার দোকানে চুরি হয়েছে।
সোমবার রাতে শহরের সোনারপট্টির 'বাংলাদেশ জুয়েলার্স' থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও একলাখেরও বেশি টাকা চুরি হয়েছে।
চুরি যাওয়া সম্পদের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে দোকানের মালিক তৌহিদুল ইসলাম বাবু জানিয়েছেন।
দোকানের মালিকের বরাত দিয়ে সদর থানার ওসি আলী আহম্মেদ হাশমী জানান, একটি সোনা চোর চক্র ওই দোকানের দক্ষিণ দিকের একটি সিঁড়ি ঘরের নিচের দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। তারা দোকানের একটি সিন্দুুক ভেঙে নগদ একলাখ ১৫ হাজার টাকা এবং প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করেছে।
একজনকে জরুরি গহনা সরবরাহের জন্য মঙ্গলবার সকালে দোকান খুললে এক কর্মচারী বিষয়টি জানতে পারেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা দেয়ালের অংশ এবং সিন্দুক ভাঙার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে। মামলা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24