ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, "শুধু তিস্তা নয়, এবার সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৩টি নদীর পানি বণ্টন নিয়েই আলোচনা হবে।"
গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি।
দৃশ্যতঃ এই পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ।
তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক।
ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই গত শনিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় 'অমীমাংসিত থাকা' বিষয়গুলো নিয়ে মালদ্বীপে সার্ক সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে।
আগামী বৃহস্পতি ও শুক্রবার মালদ্বীপের আদ্দু দ্বীপে এই সম্মেলনে মালদ্বীপ, বাংলাদেশ ও ভারত ছাড়াও সার্কের সদস্য দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।
এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও সার্ক সম্মেলনে আলোচনা হবে।"
এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোয় শিগগিরই হাসিনা-মমতা সাক্ষাতেরও সুযোগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের সর্বাধিক পঠিত বাংলা দৈনিক আনন্দবাজার সোমবার জানিয়েছে, সপ্তাহখানেক আগে শেখ হাসিনাকে এই আমন্ত্রণ পৌঁছানো হয়। প্রধানমন্ত্রীর সুবিধাজনক তারিখে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে সমাবর্তন হতে পারে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্র"বজ্যোতি চট্টোপাধ্যয় বলেন, "গত বছর ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক এসেছিলেন সমাবর্তনে। মানচিত্র ধরে উপরের দিক থেকে নামলে ভুটানের পরেই পড়শি দেশ বাংলাদেশ। তাই এবার বাংলাদেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।"
আনন্দবাজার সোমবার লিখেছে, "এ বারের সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নেহাতই 'কাকতালীয়' ঘটনা নয়। ওই সিদ্ধান্তের পিছনে রাজ্য সরকারের, বলা ভালো স্বয়ং মুখ্যমন্ত্রীর 'রাজনৈতিক ও কূটনৈতিক স্বার্থ' জড়িয়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রের অভিমত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/জেকে/১০১৯ ঘ.
bdnews24