নোয়াখালী, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদরে থানা কাউন্সিল এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন দুইজন।
সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত হন সামছুল ইসলাম নয়ন (৩০)।
আহত মাহমুদুর রহমান শুভ (২৮) ও মো. সজিবকে (২৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
হতাহতদের তিনজনেরই বাড়ি নোয়াখালী পৌরসভার আলিপুরে।
দুর্ঘটনার পর থানা কাউন্সিল এলাকায় লোকজন সোনাপুর-চৌমুহনী সড়ক রাত ১০টা পর্যন্ত অবরোধ করে রাখে। বিক্ষুদ্ধ জনতা ৮-১০টি গাড়ি ভাংচুর ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যস নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সজীব, নয়ন ও লিটনসহ কয়েকজন বন্ধু প্রধান সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনাপুরগামী একটি যাত্রীবাহী বাসের টুলবক্সের ঢাকনা খোলা থাকায় তাতে লেগে তিনজন আহত হন।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সুব্রত জানান, হাসপাতালে আনার পথেই নয়নের মৃত্যু হয়। সজীব ও শুভর অবস্থাও আশঙ্কাজনক।
সুধারাম থানার শহর উপ-পরিদর্শক রফিক জানান, দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৪ ঘ.
bdnews24