২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে যাদের ঈদ

ঈদ খুশির বারতা নিয়ে এলেও সবাই সব সময় সে সুযোগ পায় না। এ সুযোগ বঞ্চিতদের দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ খুশির বারতা নিয়ে এলেও সবাই সব সময় সে সুযোগ পায় না। এ সুযোগ বঞ্চিতদের দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক শিক্ষার্থী। ঈদ শেষেই হয়তো কারও গুরুত্বপূর্ণ ক্লাস, কারওবা অ্যাসাইনমেন্ট, ফাইন্যাল পরীক্ষা ইত্যাদি। এসব ঝামেলায় ক্যাম্পাসে থেকে যেতে হয় অনেককে। সহপাঠিদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য ঈদ আয়োজন করেছে। আবাসিক হলগুলোতে ছিল ঈদের বিশেষ খাবার। জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খোন্দকার আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন কারণেই অনেক শিক্ষার্থী বাড়ি যেতে পারে না। তাদের কথা ভেবেই প্রতিবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ খাবারের আয়োজন করে। "খাবারের মধ্যে সকালে সেমাই এবং দুপুরের খাবার টিএসসিতে কেন্দ্রীয়ভাবে পরিবেশন করা হয়," বলেন তিনি। এসবের পরও সবার মন তাদের প্রিয়জনের জন্য কাঁদে। একসঙ্গে ঈদ করতে না পারার কষ্ট তো রয়েছেই। কথা হয় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী শাহীনূর রহমানের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারাটা অনেক কষ্টের। ঈদের সময় কে না বাড়ি যেতে চায়, বলুন? সামনে ফাইনাল পরীক্ষা, তাই ঈদের আনন্দ বিসর্জন দিয়ে পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করার জন্য এই সময়টা পুরোপুরি কাজে লাগাতে চাই।" মহসীন হলের সৈয়দ সাব্বির আহমেদ বলেন, "পরিবারের কেউ পাশে নেই তাতে কী। ক্যাম্পাসের বন্ধুরা মিলেই তো বড় একটা পরিবার। সবাই মিলে একসঙ্গে ঈদে আনন্দ করলাম এটাও কম নয়।" সূর্যসেন হলের আবু সালেহ মজা করে বলেন, "ঈদের এই কটা দিন হলে শান্তিতে ঘুমাতে পারি। ডাবলিং করতে হয় না। রুমে বসে শান্ত পরিবেশে পড়া যায়। "এই সময়ে ক্যাম্পাসের নীরবতা আমার খুব ভালো লাগে!" বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.