বাগেরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় এক যুবক বোনের শ্বশুর ও শাশুড়িকে গুলি করে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কেউ আহত হয়নি।
সোমবার রাতে ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের হাবিবুর রহমান চাকলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রণবিজয়পুর গ্রামের হাবিবুর রহমান চাকলাদারের ছেলে ইকবাল চাকলাদার (২৬) ও মোল্লাহাটের গাড়ফা গ্রামের নূরুল আমিন মিঞার মেয়ে মনিকা (২০) পরিবারের অমতে গত ২০ মার্চ বিয়ে করে। তবে তারা নিজ নিজ পরিবারেই বসবাস করে আসছিল।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত ২৭ সেপ্টেম্বর ইকবালদের বাড়িতে মনিকার নাম সই করা একটি তালাকনামা পাঠানো হয়।
এদিকে গত ১৯ অক্টোবর মনিকা ও ইকবাল নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।
তিনি বলেন, এই ঘটনার জেরে রাত ৮টার দিকে মনিকার ভাই লিপটন মিঞা ও তার এক সহযোগী ইকবালদের বাড়ি গিয়ে দূর থেকে ইকবালের বাবা হাবিবুর রহমান চাকলাদার (৫৫) ও মা হেনা বেগমকে (৫০) লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনাস্থল থেকে বন্দুকের একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা করছে।
ইকবালের বড় ভাই চঞ্চল চাকলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ অক্টোবর তারা দু'জন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে তাদের সঙ্গে ইকবালের কোনো যোগাযোগ নেই।
মনিকার বড় ভাই মিলটন জানান, তার ছোট ভাই লিপটন বোনকে খুঁজতে ইকবালদের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে লিপটন তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৬ ঘ.
bdnews24