ঝিনাইদহ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের নামাজ শেষে মোনাজাত করা নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার সকালে নিত্যানন্দপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দুইজনকে মাগুরা এবং চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ওসি আহসান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামে জাফর বিশ্বাস ও রইচ ম-লের বিরোধ দীর্ঘদিনের।
ঈদের নামাজ শেষে ইমাম মাওলানা মো. খলিলুর রহমান মোনাজাত শুরু করলে রইচ ম-লের লোকজন আপত্তি জানায়। জাফর বিশ্বাসের লোকজন এর বিরোধিতা করলে সংঘর্ষ শুরু হয়।
গ্রামের জাকির হোসেন জানান, দু'পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24