ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ করেছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার 'এমপিওবঞ্চিত' শিক্ষকরা।
সোমবার ঈদুল আজহার দিনে 'বাংলাদেশ এমপিওবঞ্চিত শিক্ষক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
ঈদের সকালে শহীদ মিনার চত্বরে এক সমাবেশে ফোরামের আহ্বায়ক মনজিল-এ-মিল্লাত বলেন, গত বছর দেশের এক হাজার ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় হাজার ৬৬৬ জন শিক্ষক এবং দুই হাজার ৫৫২ জন কর্মচারী এমপিওভুক্ত হলেও শারীরিক শিক্ষক, কৃষি, কম্পিউটারসহ কলেজের বিভিন্ন বিষয়ের এক হাজার ৪৪১ জন শিক্ষক বাদ পড়েন।
"নিয়োগের সময় যোগ্যতার অভাব থাকার কথা বলে আমাদের এমপিওবঞ্চিত করা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এমপিওভুক্তি হয়েছে ২০০৯-১০ অর্থবছরে। আর আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ করছি ১০-১২ বছর আগে থেকে। তাই নিয়োগের সময় যোগ্যতা যদি নাও থেকে থাকে, এতো বছর কাজ করে আমাদের সেই যোগ্যতা অর্জিত হয়েছে।"
ফোরামের সদস্য সচিব স্কুল শিক্ষক হাদিছুর রহমান বলেন, "দীর্ঘ সময় ধরে বিনা বেতনে চাকরি করার পর এখন যদি আমাদের এমপিওভুক্ত করা না হয়, তাহলে পরিবার পরিজন নিয়ে আমাদের পথে বসতে হবে।"
ঠাকুরগাঁও থেকে এই কর্মসূচিতে যোগ দিতে আসা স্কুল শিক্ষক আব্দুল কাদের বলেন, ঈদ মানে খুশি আর আনন্দ হলেও আমাদের মনে আনন্দ নেই। এই পবিত্র দিনে পরিবারের চাহিদা মেটাতে না পেরে আমরা শহীদ মিনারে মিলিত হয়েছি।"
'বঞ্চিত' এই শিক্ষকদের দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।
দেশের অন্যান্য জেলা থেকেও শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের এই কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪০৪ ঘ.
bdnews24