কিশোরগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
সোমবার সকাল ৯টায় শোলাকিয়া মাঠের এই ঈদ জামাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবার এই মাঠে ১৮৪তম ঈদ জামাত হলো।
এই জামাতে অংশ নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগের দিন রাতেই কিশোরগঞ্জে আসেন এই নাজার ধরার জন্য।
বিশাল এই মাঠের ২৬৫টি কাতারের প্রতিটিতে দাঁড়িয়ে নামাজে অংশ নেন ৫ শতাধিক মুসল্লি। সেই সঙ্গে মাঠের বাইরে আশেপাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেওয়া মুসুল্লি¬র সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়।
মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার জন্য 'শোলাকিয়া স্পেশাল' নামে দুটি বিশেষ ট্রেন ময়মনসিংহ ও ভৈবর থেকে ভোর বেলায় ছেড়ে আসে। মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা।
মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।
স্থানীয় গবেষকদের ভাষ্যমতে, ১৮২৮ সনে প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসুল্লি¬ অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় 'সোয়া লাখি মাঠ'। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে তা পরিণত হয়েছে আজকের নাম শোলাকিয়ায়।
শোলাকিয়া মাঠ ছাড়াও জেলার শহিদী মসজিদ, পাগলা মসজিদ, বড় বাজার জামে মসজিদ ও নূর মসজিদসহ অন্যান্য মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৩৩ ঘ.
bdnews24