ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউর একটি অনির্ধারিত হাট থেকে রোববার বিকালে ২৮ হাজার টাকায় একজোড়া ছাগল কিনেছেন কম্পিউটার ব্যবসায়ী হাসানুজ্জামান।
ঈদের আগের দিন গরুর পাশপাশি ছাগলের দামও বেশ চড়া ছিল।
রাজধানীর অনেক বাজারেই রাত সাড়ে ১০টা পর্যন্ত এমন দামে ছাগল কেনাবেচা হয়।
হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কেনা দুটো ছাগলের প্রতিটিতে মাংস হবে সর্বোচ্চ নয় কেজি।
গত বছর এই ওজনের একটি ছাগল সাড়ে পাঁচ হাজার টাকায় কিনেছিলেন বলে জানান তিনি।
ওই সময় রাজধানীর সংসদ ভবনের সামনে এমনই অনির্ধারিত ছাগলের হাট বসেছিল। ছাগলও ছিল প্রচুর।
এবার সেখানে অত ছাগল দেখা যায়নি। এছাড়া সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটগুলোওতেও একই অবস্থা। ছাগল নেই। যা আছে তাও সংখ্যায় খুবই কম এবং দাম আকাশছোঁয়া।
সংসদ ভবনের এই হাটে তিনটি ছাগল ৩২ হাজার টাকায় বিক্রি করে খুব খুশি ময়মনসিংহের মামুন।
তিনি জানান, প্রায় দুইমাস আগে এই তিনটি ছাগল কিনেছিলে ১০ হাজার টাকায়। খাওয়াসহ অন্যান্য খরচ মিলিয়ে পড়েছে মোট ১৫ হাজার টাকা।
চার থেকে পাঁচ কেজির একটি ছাগল চার হাজার টাকায় কেরানীগঞ্জ থেকে কিনে মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় যাচ্ছিলেন রাসেল নামের এক যুবক।
শ্যামলী মোড়ে কথা হয় তার সঙ্গে।
রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সস্তায় পাওয়ার জন্য আমি কেরানীগঞ্জ গিয়েছিলাম। কিন্তু সে আশায় গুড়ে বালি।"
গাবতলীর পশু ব্যবসায়ী মো. ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীতে ঈদের আগ মুহূর্তে এই ছাগল সংকট উত্তরণের কোনো সম্ভবনা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24