২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে লোকমানের বাড়িতে হামলা

নরসিংদীতে নিহত পৌর মেয়র লোকমান হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নরসিংদী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে নিহত পৌর মেয়র লোকমান হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে তিন জন। রোববার রাত ১১টার দিকে জেলা শহরের বাসাইল এলাকায় লোকমান হোসেনের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা হয় বলে লোকমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে হামলাকারী কারা, তা জানা যায়নি। আহতরা হলেন- বাবলু, সোহেল ও সাইমুম। তারা নিহত লোকমানের আত্মীয়। হামলার পরপরই পুলিশ ওই বাড়ির সামনে অবস্থান নিয়েছে। এর আগে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে চারটি বোমা উদ্ধার করে পুলিশ। লোকমানের ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ এবং লোকমান হত্যামামলার বাদি মোহাম্মদ কামরুজ্জামান ওই বাড়িতেই রয়েছেন। গত মঙ্গলবার রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। তবে বাচ্চু দাবি করেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। লোকমান হত্যার পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলার পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়াকে প্রত্যাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) এনামুল কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাককে বদলির আদেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪৩ ঘ.