চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলে কয়েকটি গ্রামের মানুষ রোববার ঈদুল আজহা উদযাপন করেছে। পশুও কোরবানি করেছে তারা।
সারাদেশে সোমবার ঈদুল আজহা উদযাপন হবে। সৌদি আরবে ঈদ উদযাপন হয়েছে রোববার।
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জার খিল দরবার শরিফের অনুসারী ৩৮টি গ্রামের বাসিন্দারা রোববার ঈদ উদযাপন করে। এসব গ্রামগুলোর অবস্থান সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায়।
সকালে সাতকানিয়া মির্জার খিল দরবার শরিফে ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয়। এতে জামাত শেষে নিজ নিজ এলাকায় গিয়ে পশু কোরবানি দেন তারা।
স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগাড়ার চুনতি, আধুনগর, চাকফিরানি, আমিরাবাদ, সাতকানিয়ার বাজালিয়া, পুরানগড়, মাদার্শা এলাকা থেকে দরবার শরিফের অনুসারীরা এক দিন আগেই মির্জাখীলে সমবেত হন।
এসব গ্রামের মানুষ বহুকাল ধরে ঈদসহ সব ধর্মীয় অনুষ্ঠান সৌদি আরবের সাথে মিল রেখে পালন করে আসছে।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মির্জাখীল দরবার শরিফের ভক্তরা। লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুরের কয়েকটি গ্রামেও রোববার ঈদুল আজহা উদযাপন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০৪১ ঘ.
bdnews24