২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের ব্যস্ততা কামারশালায়

রাত পোহালেই ঈদুল আজহা মানে কোরবানির ঈদ। তার আগেই পশু জবাইয়ের জন্য পছন্দসই ছুরি-চাপাতি-দা কিনতে সবাই ভিড় জমিয়েছেন রাজধানীর কামারপট্টিগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত পোহালেই ঈদুল আজহা মানে কোরবানির ঈদ। তার আগেই পশু জবাইয়ের জন্য পছন্দসই ছুরি-চাপাতি-দা কিনতে সবাই ভিড় জমিয়েছেন রাজধানীর কামারপট্টিগুলোতে। একদিকে কামারশালার হাপরের শো-শো আর গরম লোহায় হাতুড়ি পেটানোর ঠনঠন শব্দ, অন্যদিকে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক- দুই মিলে জমজমাট এখন কামারপাড়া। তবে এবার লোহা ও কয়লা দাম এবং শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ার প্রভাব বাজারে পড়েছে বলে জানান কামাররা। সরেজমিনে কারওয়ান বাজারের কামারপট্টিতে গিয়ে দেখা যায়, প্রতিটি দোকানেই সাজিয়ে রাখার হয়েছে মাংস কাটার বিভিন্ন অস্ত্র। এবার কামারপট্টিতে ক্রেতাদের আনাগোনা কয়েক দিন আগেই শুরু হয়েছে বলে জানান দোকানিরা। প্রায় ৬০ বছরের পুরনো এই পট্টিতে শুরু থেকেই আছেন মহাজন আব্দুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "লোহার দাম এবার কেজিতে বেড়েছে ৬০ টাকা, কয়লার কেজি আগে ছিলো তিনশ' টাকা, কিন্তু এইবার পাঁচশ' টাকা। এর পর বেড়েছে হেলপারগো বেতন।" কয়েকজন দোকানি জানান, কেজি দরে একেকটি বড় চাপাতি আট থেকে নয়শ' টাকা, মাঝারি পাঁচ থেকে ছয়শ' টাকা, পশু জবাইয়ের বড় ছুরি আড়াইশ' টাকা, চামড়া ছাড়ানোর ছোট ছুরি ৪০ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি করছে। এসব দেশি পণ্যের পাশাপাশি আমদানি করা বিভিন্ন মাপের চাইনিজ কুড়াল, ছুরি ও অন্যান্য যন্ত্রপাতিও চোখে পড়ে। শ্যাওড়াপাড়া থেকে আসা ব্যবসায়ী রওশন আলম (৪০) পাঁচশ টাকা দিয়ে একটি ছোটো চাপাতি কিনেছেন। তিনি বলেন, "গতবার এই চাপাতিটা তিনশো টাকায় বিক্রি হতে দেখেছি।" কারওয়ানবাজার কামারপট্টি ও পানপট্টি ব্যবসায়ী বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, "ঘুমের সময় বাদে বাকি সতেরো-আঠারো ঘণ্টা কাজ চলতাছে। এই পট্টির প্রায় পাঁচশ' হেলপারের একই অবস্থা।" পট্টির ভেতরে-বাইরে সারা বছর কমবেশি কাজ থাকলেও কোরবানিতেই মূল ব্যবসা হয় বলে জানান মনিরুল। তিনি জানান, কারওয়ানবাজার ছাড়াও রাজধানীর জিঞ্জিরা, খিলগাঁও বাজার, আজমপুর ও টঙ্গীর কামারপট্টিগুলোতেও একই রকম ব্যস্ততা চলছে। ঈদ উপলক্ষে কামারশালার কর্মচারীদের কোনো বোনাস দেওয়া হয় না। প্রত্যেক হেলপারকে এক বছরের চুক্তিতে এই কাজে নিয়োগ দেওয়া হয়। অভিজ্ঞতার ভিত্তিতে একেক জনের সঙ্গে চুক্তি হয় একেক রকম, জানালেন মনিরুল। তবে পশু জবাইয়ের জন্য লোহার তৈরি বিভিন্ন জিনিসের দাম বাড়লেও মাংস কাটার জন্য গাছের গুঁড়ি (কথ্য ভাষায় খাইট্টা), চাটাই ইত্যাদির দাম আগের মতোই রয়েছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। প্রতিটি গুঁড়ি আকারভেদে সর্বোচ্চ সাতশ থেকে সর্বনিু দেড়শো টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর চাটাই বিক্রি হচ্ছে ৮০ থেকে একশ' টাকার মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/সিএস/এমআই/২০২৩ ঘ.