২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে 'শেষ মুহূর্তের তাড়া'

কর্তৃপক্ষ বলছে, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে ৫৪টি লঞ্চ ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। রাত ১২টা পর্যন্ত ছেড়ে যাবে আরো ৩০টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই দিনের তুলনায় ভিড় কমে এলেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে চলছে 'শেষ মুহূর্তের তাড়া'। ঈদের আগের দিন রোববার দুপুরে টার্মিনালে গিয়ে দেখা যায়, ঘাটে থাকা প্রায় ২৫টি লঞ্চের প্রত্যেকটির ছাদই লোকে 'বোঝাই'। রাজধানীর রায়েরবাজারের বেসরকারি স্কুল চেতনা বিকাশ কেন্দ্রের পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল হাওলাদার মৃদুল টার্মিনালে এসেছিল নানী রওশন আরার সঙ্গে। ঈদ করতে তারা বাকেরগঞ্জে যাবে। কিন্তু সকাল ১০টায় ঘাটে আসলেও দুপুর আড়াইটা পর্যন্ত কোনো লঞ্চ ধরতে পারেনি তারা। রওশন আরা বললেন, "রেড সান লঞ্চে দেখি অনেক বেশি যাত্রী উঠেছে। তাই আমরা 'সৈকত' খুঁজলাম। সেটাও পেলাম না। সময় তো চলে যাচ্ছে। এখন যেটা পাই সেটাতেই উঠে পড়তে হবে।" নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে বরিশাল, বরগুনা, ভোলার উদ্দেশে ৫৪টি লঞ্চ ছেড়ে গেছে। রাত ১২টা পর্যন্ত চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, মাদারিপুরসহ কয়েকটি জায়গার যাত্রী নিয়ে যাবে আরো ৩০টির মতো লঞ্চ। শনিবার ১২০টি, শুক্রবার ৯৭টি এবং বৃহস্পতিবার ৮৫টি লঞ্চ সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করেছে বলেও জানান তিনি। "যাত্রী এতো বেশি যে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করেও কুলানো যাচ্ছে না। এমনিতে লঞ্চের নিয়মিত যাত্রী আছে ২০ থেকে ২৫ হাজার। তবে ঈদের সময় হওয়ায় শনিবার প্রায় দেড়লাখ লোক এই টার্মিনাল থেকে লঞ্চ ধরেছে।" নিষিদ্ধ হলেও ছাদে এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা পরশু (শুক্রবার) পর্যন্ত ছাদে যাত্রী নেওয়া মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কিন্তু শনিবার থেকে ভিড়ের কারণে তা আর সম্ভব হযনি। তারপরও লক্ষ্য রাখছি যাতে সিরিয়াসলি ওভারলোডেড না হয়।" লঞ্চগুলো নির্ধারিত ভাড়াই নিচ্ছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। সদরঘাট টার্মিনালের ট্রাফিক ইন্সপেকটর মো. মইনুদ্দিন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে যাত্রীদের ভিড় বেশি ছিল। তুলনামূলকভাবে এখন চাপ কম। রাতে চাপ আরো একটু কমবে। আর কাল ঈদের সকালেও এ ঘাট থেকে লঞ্চ ছাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮০৭ ঘ.