২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রেনের ধাক্কায় ৫০ বাসযাত্রী আহত

রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

রংপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। পীরগাছা থানার ওসি জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোর ৪টার দিকে পীরগাছার কালীগঞ্জ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তিনি জানান, বাসের যাত্রীরা সবাই ঢাকা ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার কর্মী। ঈদ উপলক্ষে বাস ভাড়া করে পীরগাছায় বাড়ি ফিরছিলেন তারা। আহতদের মধ্যে সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাসের চালক ফয়সাল ও সুপারভাইজার হোসেনসহ চারজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আমিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালীগঞ্জ রেলক্রসিংয়ের গেইট খোলা থাকায় তাদের বাস লাইনের ওপর উঠে পড়ে। কিন্তু এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ওই লাইন ধরে যাচ্ছিল। ট্রেনটি তাদের বাসকে ধাক্কা দিলে সেটি পাশের খাদে পড়ে যায়। পীরগাছা থানার ওসি বলেন, "রেলক্রসিংয়ের গেইট খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় সেখানে কোনো গেটম্যানও ছিলো না বলে জানা গেছে।" ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১৩১ ঘ.