ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূপেন হাজারিকা ছিলেন একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, সাংবাদিক, লেখক ও চলচ্চিত্রকার।
মাত্র ১০ বছর বয়স থেকেই গান লিখে সুর দেন তিনি। বাংলা ও হিন্দি- দুভাষাতেই আকাশচুম্বি জনপ্রিয়তা পাওয়া এ গায়কের সংক্ষিপ্ত জীবনপঞ্জি:
১৯২৬: আসামের সাদিয়ায় ভূপেন হাজারিকার জন্ম।
১৯৪২-৫২: গুয়াহাটির কটন কলেজ থেকে মানবিকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি বানারাসে হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৪৪ সালে বিএ এবং ১৯৪৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি নেন। এর পরপরই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
১৯৫২ সালে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি লাভ করেন। এছাড়া শিকাগো বিশ্ববিদ্যালয়ের লিসলে ফেলো ছিলেন তিনি। সেখানে সিনেমার মাধ্যমে শিক্ষার উন্নয়নে গবেষণা করেন।
১৯৭৭: ভারতের সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী উপাধি লাভ।
এই বছরই তিনি পশ্চিমবঙ্গে দুটি পুরষ্কার পান। 'দম্পতি' চলচ্চিত্রের জন্য সেরা সঙ্গীত পরিচালক হওয়ায় বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি এবং বাংলা চলচ্চিত্র পুরষ্কার সমিতি তাকে পুরস্কৃত করে।
১৯৭৮: সেরা সঙ্গীত পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে দুটি পুরস্কার লাভ করেন তিনি। 'সীমানা পেরিয়ে' সিনেমায় গানের জন্য বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ওই পুরস্কার দেয়।
ভারতীয় সঙ্গীতজগতে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৯৭৮ সালে তাকে সম্মাননা জানায় ভারতের গ্রামোফোন কোম্পানি।
১৯৭৯-৮০: মহুয়া সুন্দরী ও নাগিনী কন্যার কাহিনী মঞ্চনাটকের জন্য সেরা সঙ্গীত পরিচালক নির্বাচিত হওয়ায় ঋত্বিক ঘটক পুরস্কার লাভ করেন ভূপেন।
ভারতের সবচেয়ে ভাল পল্লীগীতির শিল্পী হিসেবে ১৯৭৯ সালে তাকে অল ইন্ডিয়া ক্রিটিক অ্যাসোসিয়েশন পুরস্কার দেওয়া হয়।
১৯৮৭: ন্যাশনাল সিটিজেন অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।
আসামের সাংস্কৃতিক পরিমণ্ডলে ভূমিকা রাখায় এ বছর আসাম সরকার তাকে সে রাজ্যের সর্বোচ্চ শঙ্কর দে পুরস্কারে ভূষিত করে। এ বছর আসামের বর্ষসেরা ব্যক্তিও নির্বাচিত হন তিনি।
ভারতীয় সঙ্গীতে ভূমিকার স্বীকৃতি হিসেবে নয়া দিল্লির সঙ্গীত নাটক বিষয়ক অ্যাকাডেমিও তাকে পুরস্কৃত করে।
এ বছর বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাকে ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কার দিয়ে সম্মান জানায়।
১৯৯২: শিল্পজগতে ভূমিকার জন্য তাকে পুরস্কৃত করে পশ্চিমবঙ্গ সরকার।
১৯৯৩: ভারতীয় সিনেমার উন্নয়নে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে ভারতের অস্কার খ্যাত দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়।
এ বছর জাপানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'রুদালি' সিনেমার জন্য সর্বপ্রথম কোনো ভারতীয় হিসেবে সেরা সঙ্গীত পরিচালকের পুরষ্কার লাভ করেন।
১৯৯৯: পাঁচ বছরের জন্য সঙ্গীত-নাটক বিষয়ক অ্যাকাডেমির চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেন ভারতের রাষ্ট্রপতি।
২০০০: ১০ বছরের জন্য ইন্দিরা গান্ধী অব আর্টসের ট্রাস্টি হিসেবে তাকে নিয়োগ দেয় ভারত সরকার। আইসিসিআর'র ট্রাস্টি হিসেবেও তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
২০০১: ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ দিয়ে ভূপেন হাজারিকাকে সম্মাননা জানায় সরকার।
মধ্য প্রদেশ সরকার এ বছর সঙ্গীতে ভূমিকার জন্য লতা মুঙ্গেশকর পুরস্কার দেয় তাকে।
এ বছরই তাকে সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি দেয় তেজপুর বিশ্ববিদ্যালয়।
২০০৩: তাকে ভারত সরকারের তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের 'প্রসার ভারতী' বোর্ডের সদস্য নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩২২ ঘ.
bdnews24