রাজশাহী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার অনেকটা নীরবেই প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ৮৬তম জন্মদিন পালিত হয়েছে রাজশাহী নগরীতে।
১৯২৫ সালের ৪ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। রাজশাহী নগরীর মিয়াপাড়ায় তার পৈতৃক বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
তার জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর মিয়াপাড়ায় তার পৈতৃক বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি'র উদ্যোগে এ আলোচনা সভায় প্রখ্যাত এ চলচ্চিত্রকারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সোসাইটির প্রধান উপদেষ্টা আহসান কবির লিটন, এসকেএল মোহাম্মদ লালন, কামারুল্লাহ সরকার, মাহমুদ হোসেন মামুদ, শরিফ আহসান প্রমুখ।
বক্তারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে 'ঋত্বিক ঘটক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ' নামকরণের দাবি জানান।
২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক স্মরণে অনুষ্ঠান করে আসছেন রাজশাহীর সংস্কৃতিপ্রেমীরা। ওই বছর কোলকাতা থেকে ঋত্বিক ঘটকের পরিবারের সদস্যরা এসেছিলেন।
আহসান কবির লিটন বলেন, এবার ঈদ-উল-আযহার কারণে অন্য অনুষ্ঠান বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে তার জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
ডিসেম্বরে বড় আকারে ঋত্বিক ঘটক স্মরণে অনুষ্ঠান করা হবে।
ঋত্বিক ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কোলকাতায় ৫০ বছর বয়সে তার মৃত্যু হয়।
তার নির্মিত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, যুক্তি তক্ক আর গপ্পো প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.
bdnews24