ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূপেন হাজারিকার মৃত্যুতে শোক প্রকাশ করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় চার দিন ধরে ডায়ালিসিস চলার পর শনিবার বিকেলে মারা যান এই শিল্পী।
মুক্তিযুদ্ধ চলাকালে এই শিল্পীর সংগীত স্বাধীনতাকামী জনগণকে যে আশা জুগিয়েছিলো তা চির স্মরণীয় থাকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভূপেন হাজারিকার গণসংগীত বিভিন্ন সময়ে মানুষের মনে উদ্দীপনা জুগিয়েছে।
তিনি ভূপেন হাজারিকার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।
গত ৩০ জুন শ্বাসকষ্টের কারণে ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন ৮৫ বছর বয়সী ভূপেন। সে সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার পরীক্ষা করে দেখা যায়, তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসাম রাজ্যে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। মাত্র ১০ বছর বয়স থেকেই গান লিখে সুর দিতে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫০ ঘ.
bdnews24