গাইবান্ধা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে এক পিকআপ চালক এবং সদর উপজেলায় এক শিশুকে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে পলাশবাড়ীর শিশুদহ এলাকায় আনোয়ার হোসেন রাশেদ (২৬) এবং সকালে জেলা শহরের গোরস্থান পাড়ায় সিরাজ মিয়ার (১২) লাশ পাওয়া যায়।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক প্রবীর চক্রবর্তী স্বজনদের বরাত দিয়ে জানান, রংপুর থেকে আলু আনার কথা বলে অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক বৃহস্পতিবার সন্ধ্যায় পিকআপটি ভাড়া করেছিল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
রাশেদ রংপুর সদরের নুরপুর পাড়ার শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গলায় গামছা বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যার পর পিকআপটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার ওসি মশিউর রহমান জানান, সিরাজ মিয়ার পা ও হাতের তলা, মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
সিরাজ মিয়া শহরের ডেভিড কোম্পানি পাড়ার প্রয়াত ফজলা মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৪ ঘ.
bdnews24