২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, তীব্র যানজট

টাঙ্গাইল শহর বাইপাস মহাসড়কে একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

টাঙ্গাইল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহর বাইপাস মহাসড়কে একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার মুন্সিখোল গ্রামের মোজাম্মেল হোসেন খানের ছেলে হাফিজুর রহমান সজল (৩০) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা সদরের কলেজ রোডের মৃত রাধা গোপাল মোদকের ছেলে পলাশ মোদক (৩৫)। পলাশ মোবাইল কোম্পানি 'রবি'তে কর্মী হিসেবে নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশের গোড়াই থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে কেন্দুয়াগামী বিনিময় পরিবহনের বাসটি ঘারিন্দায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত ২২ জনকেই টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই দুর্ঘটনা এবং বিভিন্ন স্থানে বেশকিছু ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক বি এইচ মিল্কী। এতে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন। তিনি জানান, করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কের দু'পাশে কয়েকশ গাড়ি আটকে আছে। এতে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কের অবস্থা খুব খারাপ হওয়ায় গাড়ি খুব ধীর গতিতে চলছে । উত্তরবঙ্গের ১৬টি রুটের যানবাহনসহ মোট ২৬টি জেলার যানবাহন এ মহাসড়কে চলাচল করে। ঈদের কারণে এখানে যানবাহনের চাপ আরও বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩১৫ ঘ.