চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারীর রেস্তোরাঁ মালিক জহুর আহমেদ মলম পার্টির খপ্পরে পড়ে খুন হন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে নগরীর পাহাড়তলী ও অলংকার এলাকা থেকে এ তিন জনকে গ্রেপ্তারে করে তাদের স্বীকারোক্তিতেই এ দাবি করা হচ্ছে।
গ্রেপ্তার তিন জন হলেন-মো. রাশেদ (২৮), রাজীব (২৬) ও মো. সাহাব উদ্দিন (২৮)। তাদের সঙ্গে আরেক জন জড়িত ছিলো। সবার বাড়ি হাতিয়ায়।
তারা বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানায় সংবাদকর্মীদের সামনে হত্যাকাণ্ডের বিবরণ দেন। এ সময় ছিলেন চট্টগ্রাম মহাসনগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মনজুর মোরশেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মলম পার্টির এ সদস্যরা স্বীকার করেছে, মাত্র ৭ হাজার ৭০০ টাকার জন্য জহুরকে শ্বাসরোধে হত্যার পর সিআরবি এলাকায় ফেলে রাখে।"
চোখে জ্বালা ধরানো মলম লাগিয়ে যারা পথচারী ও যাত্রীদের সর্বস্ব হাতিয়ে নেয়, সেই প্রতারক দলই 'মলম পার্টি' নামে দেশে পরিচিত।
গত রোববার রাতে জহুরের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারীতে তার দুটি রেস্তোরাঁ রয়েছে। এর জন্য বাবুর্চি ঠিক করতে তিনি চট্টগ্রামে এসেছিলেন।
গ্রেপ্তার রাজীব সাংবাদিকদের বলেন, ওই রাত সাড়ে ৮টার দিকে ওই জহুর মুরাদপুর থেকে বিআরটিসি স্ট্যান্ডে যাওয়ার জন্য তার অটোরিকশায় চাপেন।
"মুরাদপুর মোড় থেকে কিছু দূর গিয়ে হেডলাইট জ্বলছে না বলে আমি গাড়ি থামাই। অটো রিকশার একপাশের ভাঙ্গা দরজাটি খোলা ছিলো। তখন সাহাব, রাশেদ ও মেহরাজ গাড়িতে উঠে পড়ে," বলেন তিনি।
সাহাব বলেন, "গাড়িতে উঠেই জহুরকে চেপে ধরে তার চোখে মলম দিই। হাত ও গলা চেপে ধরলে ধস্তাধস্তি করে তিনি নিজের ডান হাত ছাড়িয়ে নেন। এসময় তিনি রাশেদের হাতে তিনটি কামড় দেন। পরে মেহরাজ জহুরের মুখে ঘুষি মারলে তার দুইটি দাঁত পড়ে যায়। এরপর মেহরাজ সিএনজি চালকদের গায়ের নীল রঙের জামাটি জড়িয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।"
পুলিশ কর্মকর্তা মনজুর জানান, গ্রেপ্তার সাহাব একটি ডাকাতির মামলার আসামি। তিনি গত ঈদুল ফিতরের দুই দিন আগে জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি অটোরিকশা ব্যবহার করে অপরাধকারী একটি চক্র আবোর সক্রিয় হয়ে উঠেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বন্দর নগরীতে কমপক্ষে ২০ জন অটো রিকশাযাত্রীকে গলায় রশি ও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর ২০০৮ সালে এ চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এমআই/২০১২ ঘ.
bdnews24