বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুঠিয়া ইউনিয়নের হানুয়া পয়েন্ট থেকে লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
উজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম শেখ জানান, মৃতদেহটি বাবুগঞ্জ উপজেলার রাজকর গ্রামের রহিম খানের ছেলে শাকিলের (২৫)। চায়ের দোকান চালানোর পাশাপাশি মোটর সাইকেল ভাড়া দেওয়ার ব্যবসা করতেন তিনি।
পরিবারের বরাত দিয়ে শামিম বলেন, গত ৩১ অক্টোবর দুপুরে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান শাকিল। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
"ধারণা করা হচ্ছে, শাকিলকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে", শামিম শেখ বলেন।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৪ ঘ.
bdnews24