২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নেতাদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৩৬ বছর আগে কারাগারে বন্দি অবস্থায় নিহত জাতীয় নেতাদের স্মরণে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন এবং বনানীতে তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 04:28 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৬ বছর আগে কারাগারে বন্দি অবস্থায় নিহত জাতীয় নেতাদের স্মরণে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন এবং বনানীতে তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। পরবর্তী সময়ে এই দিনটি অভিহিত হয় জেলহত্যা দিবস হিসেবে। দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জড়ো হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং ১৫ অগাস্টের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয় এ সময়। বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তার ঘনিষ্ঠ এ চার রাজনৈতিক সহকর্মীকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ৩ নভেম্বর কারাগারেই এ চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "চার নেতার হত্যাকারীদের বহু প্রতিক্ষিত বিচার এ বছরই শুরু হবে। আর বর্তমান সরকারের মেয়াদেই এ বিচার শেষ হবে বলে আশা করছি আমরা।" জেলহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নানা কর্মসূচি নিয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয় থেকে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জায়গায় সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা। সকালে রাজশাহীতে কামরুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে জেল হত্যা দিবসের আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই আলোচনা সভা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আওয়ামী লীগের ওয়েবসাইটে িি(.িধষনফ.ড়ৎম) সরাসরি দেখানো হবে। দীর্ঘ বিচার প্রক্রিয়া ১৯৭৫ সালের ৩ নভেম্বরের ওই হত্যাকাণ্ডের পরদিন পুলিশের তখনকার ডিআইজি আবদুল আওয়াল মোসলেমউদ্দিনসহ এ ঘটনায় একটি মামলা করেন। দীর্ঘ ২৩ বছর মামলাটি কার্যত হিমাগারে থাকার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর আসামি মোসলেমউদ্দিন ও লে. কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ৬ বছর মামলার বিচার চলার পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে পলাতক তিন আসামির ফাঁসি, কর্নেল ফারুক, শাহরিয়ার রশিদ ও বজলুল হুদাসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, কেএম ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর, তাহের উদ্দিন ঠাকুর ও অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানকে খালাস দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ অগাস্ট হাইকোর্ট রিসালদার মোসলেহউদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি দফাদার মারফত আলী শাহ এবং দফাদার আবুল হোসেন মৃধাকে খালাস দেয়। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বরখাস্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অব্যাহতিপ্রাপ্ত মেজর মো. বজলুল হুদা, অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহম্মদকে খালাস দেয় হাইকোর্ট। অন্য পলাতক আসামিরা আপিল না করায় হাইকোর্ট তাদের সাজা বহাল রাখে। বর্তমানে মামলাটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রয়েছে। জাতীয় চার নেতা হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ পিটিশন গ্রহণ করেছে। আশা করছি খুব শিগগিরই আপিল বিভাগে শুনানি শুরু হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১০২০ ঘ.