ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সকালে একটি আন্তঃনগর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ থাকার কয়েকঘণ্টা পর ঢাকা থেকে তিন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে সন্ধ্যায়।
ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-সিলেট রুটে সন্ধ্যায় ট্রেন চলাচল শুরু হওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সন্ধ্যা ৭টার পর জানান নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম।
এর আগে বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (সেন্ট্রাল কন্টোল) রেজাউল হক বলেন, "নরসিংদী জেলা প্রশাসন থেকে রেল চলাচলের জন্য পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বার্তা এসেছে। এর পরই এ রুটে রেল চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়।"
সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার জের ধরে বুধবার সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, বুধবার দিনের বেলা চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো.জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতি আখাউড়া স্টেশনে, সকাল ১১টায় ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস লাকসাম স্টেশনে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস আখাউড়া স্টেশনের কাছাকাছি আটকা পড়ে।
মহানগর প্রভাতি দুপুর দেড়টায়, কর্ণফুলী এক্সপ্রেস রাত ৮টায় এবং চট্টলা এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে দুপুর ২টায় জয়ন্তীকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছাড়েনি।
সিলেট রেলস্টেশন ম্যানেজার সায়েদুর রহমান জানান, সিলেট থেকে দুপুর ১টায় জয়ন্তীকা এবং বিকেল ৪টায় পারাবত ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউ/প্রতিনিধি/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24