২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর হরতাল ৫টা পর্যন্ত 'শিথিল'

পৌর মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 03:43 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বেনজির আহমেদ বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নরসিংদী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। তবে তার জানাজা ও দাফনের জন্য বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শিথিল রাখা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। তবে বুধবার সকাল থেকে রেল চলাচল শুরু হয়েছে। এদিকে লোকমান হত্যার প্রতিবাদে রাতেই ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। সকালে নরসিংদী শহর ঘুরে দেখা যায়, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতাল কর্মসূচি চললেও লোকমানের জানাজা ও দাফনের বিষয়টি মাথায় রেখে বিকাল ৫টা পর্যন্ত কর্মসূচি শিথিলভাবে পালিত হবে।" সকালে ঢাকা মেডিকেল থেকে লোকমানের মরদেহ নরসিংদীতে নিয়ে যাওয়ার পর বিকেলে জানাজা হবে বলে জানান তিনি। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এমএইচ নুরুজ্জামান, র‌্যাব ১১ এর অতিরিক্ত ডিআইজি লে. কর্নেল মোস্তফা কামাল নরসিংদী পৌঁছেছেন। নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঁইয়া বলেন, "নরসিংদী ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যাক পুলিশ, র‌্যাব সদস্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে।" হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান শ্রেষ্ঠ মেয়র হিসেবে দুইবার স্বর্ণপদক লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/০৯৩৬ ঘ.