২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গুপ্ত হত্যা-গুম' তদন্তে শিগগির ব্যবস্থা: মিজানুর

'গুপ্ত হত্যা' ও 'গুম' হওয়ার ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন শিগগির ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গুপ্ত হত্যা' ও 'গুম' হওয়ার ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন শিগগির ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে 'ইয়ুথ ফর থ্রি ডি' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান, 'গুপ্ত হত্যা' ও 'গুম' হওয়ার ঘটনায় কমিশন কী ভূমিকা নিচ্ছে? এর উত্তরে কমিশন চেয়ারম্যান বলেন, "দেশের ভেতরে 'গুপ্ত হত্যা' ও 'গুম' হওয়ার ঘটনা তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে কথা হয়েছে। বিষয়গুলো তদন্তে মানবাধিকার কমিশন শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবে।" গত ১৯ অক্টোবর ঢাকার আওয়ামী লীগ নেতা হাজি নূর মোহাম্মদকে তার সাভারের বাসা থেকে ধরে নিয়ে যায় এক দল লোক। তার পরিবারের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এসে ওইদিন মধ্যরাতে তাকে তুলে নিয়ে যায়। তবে হাজি নূরকে আটক বা গ্রেপ্তারের কথা সরাসরি অস্বীকার করে র‌্যাব। এর প্রায় মাসখানেক আগে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা এস এম শামিম আক্তারকে তার বাসা থেকে নিয়ে যায় একদল লোক। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাকে তুলে নিয়ে যাওয়ার ওই ঘটনায়ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা। অনুষ্ঠানে মিজানুর মানবাধিকার প্রসঙ্গে বলেন, "দেশের অর্ধেক জনগোষ্ঠীই এখনো মানবাধিকার সম্বন্ধে সচেতন নয়। কৌশলগত ভুলের কারণে দেশে এখনো মানবাধিকার সম্বন্ধে সচেতনতা গড়ে ওঠেনি।" তিনি এ জন্য দেশে শিক্ষার অধিকার বাস্তবায়ন না হওয়াকে দায়ী করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, লেখক নাসরিন জাহান, অক্সফাম-জিবির প্রোগ্রাম ম্যানেজার এম বি আখতার, দি এশিয়া ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শীলা তাসনিম হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২১৪৪ ঘ.