২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরিঘাটের পন্টুন ডুবে বরিশাল-ভোলা যান চলাচল বন্ধ

বরিশালের কীর্তনখোলা নদীর ফেরিঘাটে পন্টুন ডুবে যাওয়ায় ডিসি ঘাট-চরকাউয়া ফেরি চলাচলা বন্ধ হয়ে গেছে। ফলে বরিশাল-ভোলা সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

বরিশাল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীর ফেরিঘাটে পন্টুন ডুবে যাওয়ায় ডিসি ঘাট-চরকাউয়া ফেরি চলাচলা বন্ধ হয়ে গেছে। ফলে বরিশাল-ভোলা সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে। ফেরিঘাটের টোল আদায়কারী মো. আব্দুস সালাম জানান, সোমবার রাত ২টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ে ডিসি ঘাট থেকে একটি ফেরি চরকাউয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পরপরই জোয়ারের পানি ঢুকে ঘাটের পন্টুনটি ডুবে যায়। সড়ক ও জনপথ বিভাগের (সওজ-ফেরি) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, পন্টুনটি ৩০ বছরের পুরনো। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১৫ টন। কিন্তু এই ফেরি দিয়ে ৩৫/৪০ টন ওজনের ট্রাকও নিয়মিত পারাপার হয়। "অতিরিক্ত চাপের কারণে পন্টুনের নিচের দিকে বেশ কয়েকটি জায়গায় ছিদ্র হয়ে গেছে। এ কারণেই ভিতরে পানি ঢুকে সেটি ডুবে গেছে।" পন্টুনটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস বলেন, ফেরিঘাটের ইজারার মেয়াদ শেষ হয়েছে গত ২৫ অক্টোবর। কিন্তু আদালতের একটি আদেশে ইজারাদার এখনো ঘাটের টোল আদায় করছেন। ফলে এসব দেখভালো করার দায়িত্ব ইজারাদারের। অন্যদিকে ঘাটের ইজারাদার নির্মাণ ইন্টারন্যাশনালের কর্মকর্তা মো. নাছির উদ্দিন মন্টু অভিযোগ করেন, পন্টুন সংস্কারের জন্য সওজ বিভাগকে একাধিকবার অনুরোধ করা হলেও তারা সাড়া দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮১৮ ঘ.