২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীর মামলায় তলব ফায়ার ব্রিগেডপ্রধানকে

চাকরিচ্যুত এক কর্মচারীর মামলায় ফায়ার বিগ্রেডের মহাপরিচালক আবু নাইম মো. শাহিদুল্লাহকে তলব করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিচ্যুত এক কর্মচারীর মামলায় ফায়ার বিগ্রেডের মহাপরিচালক আবু নাইম মো. শাহিদুল্লাহকে তলব করেছে ঢাকার একটি আদালত। রোববার মহানগর হাকিম জয়নব বেগম তলবের এ আদেশ হয়। বাদির আইনজীবী মজিবর রহমান মঙ্গলবার আদেশের অনুলিপি নিয়ে তা সাংবাদিকদের জানিয়েছেন। আবু নাইমের পাশাপাশি সরকারি ওই সংস্থার আরো তিন কর্মকর্তা-কর্মচারীকে তলব করা হয়েছে। তাদের আগামী ৮ ডিসেম্বর আদালতে হাজির হতে হবে। গত রোববার মামলাটি করেন ফায়ার ব্রিগেডের সাবেক উচ্চমান সহকারী মো. মোজাম্মেল হক। বিবাদি অন্য তিন জন হলেন- ফায়ার ব্রিগেডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এম আব্দুস সালাম, সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং ফায়ারম্যান মো. মনির কাউসার। বছর দেড়েক আগে চাকরি থাকা অবস্থায় মোজাম্মেলকে ঢাকা থেকে নীলফামারীতে বদলি করা হয়। তার অভিযোগ, ফায়ার লাইসেন্স সংক্রান্ত দুর্নীতিতে সহযোগিতা না করায় তার বদলির এ আদেশ হয়। মোজাম্মেলের দাবি, তার চাকরি বদলিযোগ্য নয়। বদলির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনও করেন তিনি। এতে তাকে বদলির আদেশে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। মামলায় বলা হয়, হাইকোর্টের আদেশের পর বিবাদিরা ক্ষিপ্ত হয়ে বাদিকে জব্দ করতে চুরি-জালিয়াতিসহ বিভিন্ন ভুয়া অভিযোগ এতে বাদির বিরুদ্ধে মামলা করে। বিষয়টি হাইকোর্টে তোলা হলে বিবাদিরা গত বছরের ১০ জানুয়ারি উচ্চ আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়ে ওই মামলা প্রত্যাহার করে নেন। পরবর্তীকালে দেড় বছর চাকরি করার পর পুরনো 'আক্রোশ' থেকে দমকল প্রধান আবু নাইম গত ২১ জুন বাদিকে সাময়িক বরখাস্ত করেন বলে মামলায় বলা হয়। বাদি মোজাম্মেল বলেন, চাকরি হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এছাড়া তার মানসম্মানও ভূলুণ্ঠিত হয়েছে। তাই তিনি মানহানির এ মামলা করেছেন। বাদির আইনজীবী মজিবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে বাদি হাইকোর্টে আবেদন করেছেন। এরপর গত ২১ জুলাই হাইকোর্ট বরখাস্তের আদেশ স্থগিত করে। "তবে এর পরপরই আবু নাইম বাদি হয়ে মোজাম্মেলের হকের বিরুদ্ধে ১ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি বিভাগীয় মামলা করেন," বলেন আইনজীবী। মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও এখন তাকে দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫০৩ ঘ.