২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু মঙ্গলবার

সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা মঙ্গলবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা মঙ্গলবার শুরু হচ্ছে। এবার জেএসসি-তে ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং জেডিসি-তে ৩ লাখ ২৩ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য দেন। এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৮৫ জন বেশী ছাত্রী অংশ নিচ্ছে। মোট ছাত্রের সংখ্যা ৮ লাখ ৬১ হাজার ৭৬৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ৯৯ হাজার ৩৪৯ জন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথমবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৩১১ জন বেড়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এবার মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯টি, যা গতবারের চেয়ে ২০৫টি বেশি। এছাড়া মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৩৬০ থেকে বেড়ে ২৭ হাজার ৩৬০ হয়েছে। ২০১১ সালে জেএসডি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর ২ লাখ ৪১ হাজার ৮০১ জন এবং জেডিসিতে ৩২ হাজার ৫৪৮ জন অর্থাৎ মোট ২ লাখ ৭৪ হাজার ৩৪৯ জন অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মন্ত্রী বলেন, এ পরীক্ষার ফলে পাবলিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভীতি কমে যাবে এবং পরীক্ষা পাসের একটি সনদ পেয়ে শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে। এ পরীক্ষার মাধ্যমে সব শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আলাদা বৃত্তি পরীক্ষা দিতে হবে না। এবার পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। গতবারের মতো এবার পরীক্ষায় যারা তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য হবে তাদের ৯ম শ্রেণীতে ভর্তির সুযোগ থাকছে জানিয়ে মন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তীতে পরীক্ষায় অংশ নিয়ে অবশ্যই পাস করতে হবে। মানবিক দিক দেখে অকৃতকার্যদের পাস করিয়ে দেওয়ার উপায় নেই জানিয়ে মন্ত্রী বলেন, যোগ্যতা প্রমাণ করেই সবাইকে পাস করতে হবে। এখানে বিকল্প কোনো পদ্ধতি নেই। এবার পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের বাড়তি সময় ৫ মিনিট বৃদ্ধি করে ২০ মিনিট করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া এবার স্কুল পর্যায়ের বার্ষিক পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শতভাগ পাশ দেখানোর জন্য তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখা হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কর্মপন্থা তৈরি করা হচ্ছে। জেএসসি সময়সূচি ১ নভেম্বর বাংলা ১ম পত্র, ২ নভেম্বর বাংলা ২য় পত্র, ১৩ নভেম্বর ইংরেজি ১ম পত্র, ১৪ নভেম্বর ইংরেজি ২য় পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান, ১৬ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর ইসলাম শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা, ২০ নভেম্বর সাধারণ গণিত এবং ২১ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি/কৃষি শিক্ষা। জেডিসি সময়সূচি ১ নভেম্বর বাংলা সাহিত্য, ২ নভেম্বর ইংরেজি, ১৩ নভেম্বর আরবি ১ম পত্র, ১৪ নভেম্বর আরবি ২য় পত্র, ১৫ নভেম্বর কুরআর মাজীদ ও তাজবিদ, ১৬ নভেম্বর আত্তাওহীদ ওয়াল ফিক্হ, ১৭ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৯ নভেম্বর সাধারণ গণিত, ২০ নভেম্বর সামাজিক বিজ্ঞান এবং ২১ নভেম্বর কৃষি শিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। মঙ্গলবার জেএসসি'র বাংলা প্রথমপত্র ও জেডিসি'র বাংলা সাহিত্য পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬৫০ ঘ.