চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাইমস্কেল পুনর্বহাল, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকরা অনশন করেছেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি'র উদ্যোগে জেলা প্রেসক্লাবে রোববার সকাল ১১টা থেকে তারা তিনঘণ্টা অনশন করেন।
এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এসময় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ফিরোজ কবির, আমিনুল ইসলাম, গোলাম ফারুক মিথুন প্রমুখ।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কেরামত আলী অনশনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, আট বছর বন্ধ থাকার পর এ সরকার টাইম স্কেল পুনঃপ্রবর্তন করলেও দুই মাস দেওয়ার পর তা আবার বন্ধ করে দেয়।
বক্তারা অবিলম্বে ৮ বছরের স্থগিত টাইম স্কেলসহ বকেয়া অর্থ দেওয়ার দাবি জানান।
এছাড়া তারা ২০০৯ সালে প্রবর্তিত বেতন স্কেলে চিকিৎসা ভাতা, বার্ষিক প্রবৃদ্ধি, বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতারও দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৪ ঘ.
bdnews24