চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আজহায় চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে নগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আবুল কাশেম।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও বিজিএমইএ নেতাদের মধ্যে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজিএমইএ'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিএমপি কমিশনার বলেন, "গার্মেন্ট শিল্প দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি। এ শিল্পের বিকাশ ও অগ্রগতিতে সিএমপি কাজ করে যাবে।
"এ শিল্পে যে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং ঝুট ব্যবসা নিয়ে যে কোনো ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে।"
গার্মেন্ট শিল্প অধ্যুষিত এলাকায় আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সিএমপি এবং শিল্প পুলিশের যৌথ টহল জোরদার করা এবং কমিউনিটি পুলিশ ব্যবস্থা দ্রুত চালু করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী আসন্ন ঈদুল আজহায় চট্টগ্রামের সব শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিএমপি ও শিল্প পুলিশের সহায়তা চান।
শিল্প পুলিশ (চট্টগ্রাম) পরিচালক মো. ওসমান গণি বলেন, ঈদুল আজহার সময় গার্মেন্টস শিল্প এলাকায় নিরাপত্তা মনিটরিং অব্যাহত থাকবে।
কারখানা এলাকায় যেকোনো উচ্ছৃংখল পরিস্থিতির সৃষ্টি হলে শিল্প পুলিশ ও সিএমপিকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বিজিএমইএ'র সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল¬্যাহ, খলিলুর রহমান, পরিচালক এএম চৌধুরী সেলিম, মো. আবদুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২১০৭ ঘ.
bdnews24