ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাদের মুক্তি দাবি করে তাদের পক্ষে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সমাবেশে জোটের সাভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, "নিজামী, মুজাহিদসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া যে ঘৃণ্য ঘোষণা দিয়েছেন তা স্বাধীন বাংলার ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা।"
এ বক্তব্যের জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান ইউসুফ।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ওই সমাবেশে নির্বাচিত সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার 'যুদ্ধ ঘোষণা'রও প্রতিবাদ জানায় সংগঠনটি।
স¤প্রতি সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী বিএনপির রোড মার্চে বিভিন্ন পথসভায় ও জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত-বিএনপির কয়েকজন নেতার মুক্তি দাবি করে বক্তব্য দেন।
ওই সময় তিনি সরকারকে পদত্যাগে বাধ্য করতে 'যুদ্ধে' নামারও ডাক দেন। ওই ঘোষণার পর থেকে সরকারি দলের মন্ত্রী ও সাংসদরা অভিযোগ করে আসছেন, খালেদা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছেন।
সমাবেশ শেষে একটি জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ হয়ে সোহারাওয়ার্দী উদ্যানের শিখা চিরান্তনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯২৯ ঘ.
bdnews24