ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নির্বাচনে ট্রিপল এ কনসাল্টটেন্টের চেয়ারম্যান মোহাম্মদ এ. হাফিজ সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী নাসির উদ্দিন আহমেদ।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শনিবার বেলা ১১ থেকে ৪টা পর্যন্ত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বচন হয়।
নতুন সভাপতি হাফিজ এর আগের মেয়াদে বিএমবিএর সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গত কমিটির সভাপতি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজেমন্টের ব্যবস্থাপনা পরিচালক মোর্তজা আহমেদ এবার নির্বাচনে অংশ নেননি।
বিএমবিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসোসিয়েশনের ৩৯ জন সদস্যের মধ্যে ৩৭ জন দ্বিবার্ষিক এ নির্বাচনে ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. আনোয়ার হোসেন।
১১ সদস্যের নির্বাহী কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইসি সিকউরিটিজের তানজিল চৈাধুরী। কোষাধ্যক্ষ হয়েছেন এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের দেবব্রত কুমার সরকার।
পুঁজিবাজারের বর্তমান অস্থিরতা নিরসনে বিএমবির নতুন কমিটি কি ভূমিকা রাখবে জানতে চাইলে সভাপতি মোহাম্মদ এ. হাফিজ সাংবাদিকদের বলেন, ঈদের পরে অতিরিক্ত সাধারণ সভা করে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।
নতুন সহ সভাপতি তানজিল চৈাধুরী বলেন, তারা শেয়ার বাজারে নতুন ধরনের কিছু উদ্যোগ (ইনস্ট্রুমেন্ট) নিতে চান।
"এ বিষয়ে আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে কথা বলবো," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৯২২ ঘ.
bdnews24