ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরবরাহ লাইনে ত্র"টির কারণে শনিবার ভোররাত থেকে অন্তত আট ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপ মেরামত শেষে বেলা ১১টার পর পানি সরবরাহ আবার স্বাভাবিক হয়।
বিমানবন্দরের প্রকৌশল বিভাগের অপারেটর মো. নূরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৩টার দিকে বলাকা অফিসের ক্যান্টিনের সামনে পানির পাইপ ফেটে যায়। এ কারণে বিমানবন্দরেও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
বেলা সোয়া ১১টায় তিনি বলেন, "আমরা সকাল থেকেই মেরামতের কাজ করছি। বিমানবন্দরের নিচতলায় ইতোমধ্যে পানি এসেছে। বাকি অংশেও কিছুক্ষণের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।"
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বেলা পৌনে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইপ ফেটে যাওয়ায় শেষ রাতে সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে।"
এ বিষয়ে ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিমানমন্দরের পানি সমস্যার বিষয়ে তিনি কিছু জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরআর/আরআরডি/জেকে/১৩০৭ ঘ.
bdnews24