২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি জাতি রাষ্ট্র কথাটি ভুল: বিচারপতি রাব্বানী

বাহাত্তরের সংবিধানে 'বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র' কথাটি ভুল ছিলো বলে মন্তব্য করেছেন বিচারপতি গোলাম রাব্বানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহাত্তরের সংবিধানে 'বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র' কথাটি ভুল ছিলো বলে মন্তব্য করেছেন বিচারপতি গোলাম রাব্বানী। শুক্রবার সন্ধ্যায় নগরীর মুসলিম হলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ মূলত একটি ভৌগলিক রাষ্ট্র। এখানে নানা জাতি, ধর্ম এবং বর্ণের লোক বাস করে। তাই বাহাত্তরের সংবিধানে বাংলাদেশকে একটি জাতি রাষ্ট্র ঘোষণা করে ভুল করা হয়েছিলো।" অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। অর্পিত সম্পত্তি নিয়ে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, "অর্পিত সম্পত্তি আইনের অজুহাতে সংখ্যালঘু ও আদিবাসী স¤প্রদায় তাদের সম্পত্তি ফিরে পাচ্ছে না।" সংবিধানে 'আদিবাসী' শব্দটি না রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যোগ করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "আদিবাসী শব্দটি পরিবর্তনের কোনো কারণ নেই। কেন না আদিবাসী বলতে আদি জাতিকে বোঝায় না। যারা আদি সংস্কৃতি বলয়ে গড়ে উঠে তারাই আদিবাসী।" সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, যে প্রত্যাশা নিয়ে সংখ্যালঘু স¤প্রদায় মহাজোট সরকারকে ভোট দিয়েছে, সে প্রত্যাশা পূরণ হয়নি। "অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন হবে- এ আশায় আমরা মহাজোটকে ভোট দিয়েছিলাম। কিন্তু বার বার আমাদের আশা ভঙ্গ হচ্ছে," বলেন তিনি। সরকারকে হুঁশিয়ার করে রানা দাশগুপ্ত বলেন, "পরবর্তীতে প্রতারিত হলে আমরা ভেবে দেখবো আপনাদের চেহারার দিকে তাকাতে পারবো কি না।" আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উষাতন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিল্পবী বিনোদ বিহারী চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/০০০০ ঘ.