২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে ১০ ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশ সেজে অপহরণ ও ছিনতাই করে যাওয়া একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশ সেজে অপহরণ ও ছিনতাই করে যাওয়া একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হোটেল রূপসী বাংলার পাশে মেঘনা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। গ্রেপ্তার হয়েছেন মো. শামীম (৩৫), মো. ইয়াসিন ওরফে শহিদ (৩৮), কাজী মোতালেব (৩৮), মো. আজিজুল (৩৫), মো. মন্নু মিয়া (৩৫), মো. মোজাফফর (৩৮), মো. আমির হোসেন (৩৫), মো. সেলিম (৩৫), মো. নেছার আলী (৩০) ও মো. নাসির (৩০)। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে পুলিশের এক সেট পোশাক, তিন জোড়া হাতকড়া, তিনটি ওয়্যারলেস সেট, দুইটি চাপাতি, দুইটি ছোরা, ছয় রাউন্ড গুলি, তিনটি ককটেল ও দুইটি গাড়ি উদ্ধার করা হয়। ওই দলের আরো তিনজন পালিয়ে গেছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। গ্রেপ্তারদের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ সেজে তারা ভিকটিমকে মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারের তোলে। পরে সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চোখ বেঁধে ফাঁকা জায়গায় রেখে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছিলো। তারা এ পর্যন্ত এ ধরনের ৬০ থেকে ৭০টি ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে, বলেন তিনি। হুন্ডি ব্যবসায়ীদের সবচেয়ে বেশি টার্গেট করে বলেও তারা পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, বলেন গোয়েন্দা কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/ডিডি/২৩১১ ঘ.