২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সরকারি জমি দখল: আরেকটি মামলা

সরকারি জমির দখল নিতে প্রশাসনকে বাধা দেওয়ার ঘটনায় আরেকটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জমির দখল নিতে প্রশাসনকে বাধা দেওয়ার ঘটনায় আরেকটি মামলা করেছে পুলিশ। শুক্রবার দ্রুত বিচার আইনে নগরীর বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম। এ মামলায় ১২ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার নগরীর অক্সিজেন এলাকায় সরকারি জমির দখল নিতে গেলে চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের ওপর হামলা করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী ও তার সমর্থকরা। এসময় মুন্নীর সমর্থকদের হামলায় দুই পুলিশসহ পাঁচজন আহত হয়। ওইরাতে এ ঘটনায় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সবুজ বড়–য়া বায়েজীদ থানায় একটি মামলা করেন। ওই মামলায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী এবং তার স্বামী আব্দুল কাইয়ুমসহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মুন্নী ও তার স্বামীকে প্যানেল মেয়রের জিম্মায় ছেড়ে দেয় বয়েজিদ থানা পুলিশ। বায়েজিদ থানার উপ-পরিদর্শক মো. মুজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা দান এবং গাড়ি ভাংচুরের ঘটনায় এ দু'টি মামলা করা হয়েছে। তবে পরের মামলায় মুন্নী এবং তার স্বামীকে আসামি করা হয়নি বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, শুক্রবার আদালতে হাজির করার শর্তে বৃহস্পতিবার রাতে মুন্নীকে প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনির জিম্মায় দেওয়া হয়। মুন্নীর ১৭ সমর্থক কারাগারে শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদ মুন্নীর ১৭ সমর্থককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া মুন্নী ও তার স্বামীকে জিম্মায় দিয়েও শুক্রবার আদালতে হাজির হতে বলার কারণও ব্যাখ্যা করতে বলেছে বায়েজীদ থানার ওসিকে। আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ১৭ জনকে আদালতে হাজির করার পর তাদের পক্ষে জামিন চাইলে বিচারক তা নাকচ করেন। তিনি আরো জানান, মুন্নী ও তার স্বামীকে প্যানেল মেয়রের জিম্মায় জামিন দিয়ে শুক্রবার বন্ধের দিন কেন আদালতে হাজির হবার আদেশ দিয়েছে তা জানাতে বায়েজীদ থানার ওসিকে দির্দেশ দিয়েছে আদালত। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরআরডি/ডিডি/২১৫৩ ঘ.