গাজীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ গাজীপুর পৌঁছেছে।
শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাব থেকে নেত্রকোনার উদ্দেশে লং মার্চ শুরু হয়। সন্ধ্যায় গাজীপুর এসে পৌঁছে।
দেশি প্রযুক্তি ব্যবহার করে পেট্রোবাংলা ও বাপেক্সের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়।
সন্ধ্যায় তারা গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক সভা করেন।
অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদলের সভাপত্তিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আক্তার হোসাইন, সমুদ্র গবেষক নুর মোহম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকমল হোসেন প্রমুখ।
সভায় আনু মোহাম্মদ বলেন, দেশের খনিজ সম্পদ রক্ষার জন্য আইন পাশ করতে হবে। একবিন্দু কয়লা আর গ্যাস বিদেশে রপ্তানি করতে দেওয়া হবে না। বাংলাদেশের গ্যাস কয়লা (দেশি প্রযুক্তি ব্যবহার করে পেট্রোবাংলা ও বাপেক্সের মাধ্যমে) উত্তোলন করে এদেশের ঘরে ঘরে শিল্প-প্রতিষ্ঠানে সরবারাহ করতে হবে।
বিদেশিদের মাধ্যমে সুনেত্র ও রশিদপুরের গ্যাস উত্তোলন না করার দাবি জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির আহবায়ক শেখ মো. শহীদুল্লাহ, সিপিবি নেতা মঞ্জুরুল আহসান খান, বাসদ নেতা খালেকুজ্জামান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেত্রী মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, সংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি প্রমুখ।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেত্রী মোশরেফা মিশু বলেন, লং মার্চকারীরা রাতে গাজীপুর অবস্থান করবেন। পরদিন (শনিবার) সকালে ময়মনসিংহের উদ্দেশে গাজীপুর ত্যাগ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24