সাভার, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হন ২৮ জন।
শুক্রবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শামীম রেজা (৩৮) ও অজ্ঞাত এক মহিলা (৩৫)।
আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাবেয়া ক্লিনিক, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
ধামরাই থানার উপ-পরিদর্শক সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস বাথুলী বাসস্ট্যান্ডের কাছে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়।
পরে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24