২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হামলায় আহত স্থানীয় সাংবাদিক

সাতক্ষীরা প্রেসক্লাবে বুধবার প্রতিপক্ষের হামলায় স্থানীয় দৈনিক সাতক্ষীরা চিত্র'র সম্পাদক হাবিবুর রহমান হাবিব গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা প্রেসক্লাবে বুধবার প্রতিপক্ষের হামলায় স্থানীয় দৈনিক সাতক্ষীরা চিত্র'র সম্পাদক হাবিবুর রহমান হাবিব গুরুতর আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে হাবিব সাংবাদিকদের জানান, দুপুরে প্রেসক্লাবের হল রুমের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় দৈনিক পত্রদূত'র ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম তাকে অশালীন গালাগাল দেন। ওই সময় হাবিবুর রহমান এর প্রতিবাদ করে চলে যান। পরে টিভি রুমে গিয়ে আবুল কালাম আবারো হইচই করলে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাবিব অন্য সাংবাদিকদের সঙ্গে প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভায় যোগ দেন। পরে হাবিবুর রহমানসহ প্রেসক্লাবের কয়েকজন সদস্য চলে যাওয়ার সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদদাতা মোজাফফর রহমান ও এটিএন বাংলা ও দৈনিক সমকাল প্রতিনিধি এম কামরুজ্জামান হামলা চালান। তারা হাবিবুর রহমান হাবিবকে প্রেসক্লাবের সামনের রাস্তায় ফেলে প্রচ- মারধর করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন আবুল কালাম, আব্দুল বারী, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং বহিরাগত রবিউল, ইব্রাহীম ও রহিমসহ বেশ কয়েকজন। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মো. হাফিজুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবুর রহমানের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে এম কামরুজ্জামান বলেন, তিনি নয় হাবিবকে মারধর করেছেন বিটিভি'র মোজাফফর। তিনি নিজেও এই হামলায় আহত হয়েছেন বলে দাবি করেন। এদিকে বিটিভি'র সংবাদদাতা মোজাফফর রহমান বলেন, তিনি হামলা করেননি। কে হামলা করেছে তাও তিনি জানেন না। সদর থানার ওসি আসলাম খান বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার এএসপি (সদর সার্কেল) অহিদুজ্জামান ও সদর ওসি আসলাম খান হাসপাতালে গিয়ে হাবিবুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৮ ঘ.