২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে: নৌমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরুর ছয় ঘণ্টার মধ্যে সরকারি আশ্বাসে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরুর ছয় ঘণ্টার মধ্যে সরকারি আশ্বাসে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফেডারেশনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।" তারেক মাসুদ ও মিশুক মুনীরের গাড়ি দুর্ঘটনার পর গ্রেপ্তার বাস চালকের মুক্তি এবং আটক বাস ফেরত দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস পরিবহন ধর্মঘট শুরু করে তারা। কেন্দ্র থেকে ধর্মঘট প্রত্যাহারের কথা বলা হলেও সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে অভ্যন্তরীণ গাড়ি চলাচলও বন্ধ করে দেওয়া হবে। স্থানীয় শ্রমিক নেতারাও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা নাকচ করেছেন। দুপুরে চুয়াডাঙ্গা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রিপন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্র থেকে ধর্মঘট প্রত্যাহারের কোনো নির্দেশনা আসেনি, তাই যথারীতি ধর্মঘট চলছে।" এদিকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, "তাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। যতটুকু জানি তারা প্রত্যাহার করেছেন।" গত ১৩ অগাস্ট ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জের জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক ও মিশুকসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ বাসটির চালক জামির হোসেনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। তিনি এখন মানিকগঞ্জ কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১৪৩০ ঘ.