২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বৃহস্পতিবার আধাবেলা ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা

রংপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ জাদুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা ধর্মঘট ডেকেছে রংপুর জেলা দোকান মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 05:07 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ জাদুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা ধর্মঘট ডেকেছে রংপুর জেলা দোকান মালিক সমিতি। মঙ্গলবার গভীর রাতে এক জরুরি সভার পর সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন সাংবাদিকদের বলেন, "বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।" গত ১৬ অক্টোবর রাতে জেলা খাদ্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাজিদ পারভেজ জাদুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটিরও সদস্য ছিলেন। মিলন অভিযোগ করেন, জাদুকে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। জেলা দোকান মালিক সমিতির সভাপতি রেজোয়ান আলী লিটনের সভাপতিত্বে মঙ্গলবার রাতের সভায় সমিতির ১০৮টি শাখা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪৫ ঘ.