ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোকচিত্রী রশিদ তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-উত্তর সময়ের আন্দোলন সংগ্রামের এক সাক্ষীকে হারালো।
মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোকচিত্রী রশীদের সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "বঙ্গবন্ধুর অনেক বিরল আলোকচিত্রের গুরুত্বপূর্ণ সংগ্রহ তার কাছে ছিল।"
মস্তিষ্কে রক্তরণের কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান রশিদ তালুকদার।
এই আলোকচিত্রী সাংবাদিক ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য ছবি তোলেন যা, দেশে-বিদেশে বাংলাদেশের সংগ্রামের কথা পৌঁছে দেয়। প্রথম বাংলাদেশি হিসেবে গতবছর আর্ন্তজাতিক 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড' পান তিনি।
তার চাচাতো ভাই শেখ মোহাম্মদ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেষ ইচ্ছে অনুযায়ী রশীদকে বুধবার জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/০৯৫০ ঘ.
bdnews24