আগরতলা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কোন্নয়নকে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে।
যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের কলকাতা দপ্তরের কনসাল জেনারেল ডিন আর টমসন মঙ্গলবার আগরতলায় এ কথা বলেন।
গত অগাস্টের শুরুতে কলকাতায় মার্কিন কনসালের দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরায় প্রথম সফরে টমসন বলেন, "এ অঞ্চলে অসাধারণ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এগুলো অবশ্যই শান্তি ও স্থিতিশীলতা আনবে।"
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বর্তমান অবস্থা বিষয়ে মার্কিন এ কূটনীতিক বলেন, "যুক্তরাষ্ট্র মনে করে ভারত প্রতিবেশিদের সঙ্গে সম্পর্কোন্নয়ন করায় এ পরিস্থিতি ইতিবাচক দিকে যাবে।"
ভারতের উত্তরপূর্বাঞ্চল বাংলাদেশের খুব কাছাকাছি হওয়ায় এজন্য ভারত-বাংলাদেশের স্থায়ী সুসম্পর্ক প্রয়োজন বলে মনে করেন তিনি।
টমসন বলেন, "প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভারতের বহুমুখী সম্পর্কোন্নয়ন দরকার যা এদের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলবে।"
বাংলাদেশেও মার্কিন দূতাবাসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন টমসন। তিনদিনের সফরে রোববার তিনি ত্রিপুরা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০৪০ ঘ.
bdnews24