২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া তথ্যে নিয়োগ, ১৯ কারারক্ষী চাকরিচ্যুত

মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ পাওয়া কুমিল্লা ও সিলেট কারাগারের ১৯ কারারক্ষীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

কুমিল্লা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ পাওয়া কুমিল্লা ও সিলেট কারাগারের ১৯ কারারক্ষীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। সোমবার ও মঙ্গলবার চারকরিচ্যুতদের মধ্যে রয়েছেন কুমিল্লা কারাগারের ১২ জন ও সিলেট কারাগারের সাতজন। কুমিল্লার উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি-প্রিজন) ফজলুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ খবর নিশ্চিত করেন। চাকরিচ্যুতির খবর পেয়ে আগেই কারাগার থেকে ওই ১৯ কারারক্ষী পালিয়ে গেছেন বলেও তিনি জানান। ফজলুর রহমান জানান, চাকরিচ্যুতদের অধিকাংশের প্রকৃত বাড়ি কুমিল্লা ও এর আশপাশের জেলায় হলেও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার কোটায় ভুয়া নাগরিকত্ব সনদ ও ভুয়া এতিম সনদ দিয়ে তারা চাকরি নেন। এরমধ্যে ২০০৯ সালে একজন, ২০১০ সালে ১২ জন ও এবছর ছয়জন কুমিল্লা ও সিলেট কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। ওই ১৯ জনের বাড়ি কক্সবাজারের রামু, টেকনাফ ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে। ডিআইজি আরো বলেন, স্থায়ী ঠিকানা ও এতিম সনদ ভুয়া প্রমাণ হওয়ায় গত ২৪ ও ২৫ অক্টোবর অফিস আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়। তাদের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। এরা হলেন সাইদুর রহমান, আলমগীর হোসেন, মহসিন মিয়া, দিদার আলম, আবুল কালাম, আতিকুর রহমান, মাইনুদ্দিন, মাসিকুল ইসলাম, ইসমাইল হোসেন, নেয়ামুল মাওলা, বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন, আল আমিন, মহিউদ্দিন, আলী আশ্রাফ, আওলাদ হোসেন, জাকির হোসেন, আবুল কালাম ও সোহেল রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.