সুমন মাহবুব, বার্লিন থেকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
বার্লিন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পর ৪০ বছর পেরিয়ে গেলেও দীর্ঘদিন সেনা শাসনে থাকায় বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন হয়নি উল্লেখ করে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, আগামীতে বাংলাদেশ 'ভালোর দিকে' যাবে বলেই বিশ্বাস করেন তিনি।
মঙ্গলবার বার্লিনের চ্যান্সেলারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান নেতা বলেন, তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবে।
যৌথ সংবাদ সম্মেলনের আগে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন হাসিনা ও মের্কেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই সফর একটি মাইলফলক হয়ে থাকবে।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে শেখ হাসিনা চ্যান্সেলরিতে পৌঁছালে মের্কেল তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরের সঙ্গে তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।
জার্মান চ্যান্সেলরের কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং একদল চৌকস সেনা সদস্য প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। এরপর প্রায় একঘণ্টা বৈঠক ও ভোজসভায় অংশ নেন দুই নেতা।
যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আঙ্গেলা মের্কেল আশা প্রকাশ করেন, আগামীতে এই সম্পর্ক আরো ভালো হবে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ৪০ বছর পেরিয়ে গেলেও দীর্ঘদিন সেনা শাসনে থাকায় কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয়নি।
"তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভালো। সামনে আরো ভালোর দিকে যাবে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র বিমোচনে ভালোভাবেই এগোচ্ছে।"
দেশের উন্নয়নে সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মের্কেল জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জার্মানি বাংলাদেশকে কীভাবে সহযোগিতা দিতে পারে- তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
জনসংখ্যাকে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, জনগণের শহরমুখী প্রবণতা কমাতে কী করা যায় তা নিয়েও শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে।
জার্মানিকে বাংলাদেশের 'পরীক্ষিত' বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানি সব সময়ই সহায়তা দিয়ে আসছে।"
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার পর বোন শেখ রেহানাকে নিয়ে জার্মানিতে আশ্রয় নেওয়ার বিষয়টিও এ সময় স্মরণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়; জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা; দারিদ্র বিমোচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জার্মান চ্যান্সেলর নবায়ণযোগ্য জ্বালানি এবং অবকাঠামো উন্নয়ন খাতে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
মন্দা থেকে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে জার্মান চ্যান্সেলর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে মের্কেলকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "আমার এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।"
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সফরের আমন্ত্রণ
জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি আশা করি, আপনি শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।"
জবাবে আঙ্গেলা মের্কেল বলেন, "আমি জানি না, খুব শিগগিরই তা সম্ভব হবে কি না। তবে আমি বাংলাদেশে যেতে চাই।"
এ সময় শেখ হাসিনা বলেন, "আমি একজন নারী নেতা। আপনিও নারী নেতা। আমি আশা করবো আপনি এই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে আসবেন।"
মের্কেল বলেন, "আমি জানি, একজন নারী নেতা হিসেবেই আপনি বিশেষভাবে আমাকে এই আমন্ত্রণ জানিয়েছেন। আমিও সফরে যেতে চাই, আর তা জার্মান চ্যান্সেলর হিসেবেই।"
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ইউরোপীয় রাষ্ট্রগুলো এশিয়ার দেশগুলোকে যথেষ্ট সহায়তা দিতে চাইছে না উল্লেখ করে সাংবাদিকরা চ্যান্সেলরের কাছে জার্মানির অবস্থান সম্পর্কে জানতে চান।
জবাবে মের্কেল বলেন, "ইউরোপীয় দেশগুলো সহযোগিতা দিতে প্রস্তুত। আর যেসব দেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচে বেশি ঝুঁকিতে রয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমি আশা করবো, ইউরোপীয় দেশগুলো এ বিষয়টিও বিবেচনা করবে।"
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে জার্মান চ্যান্সেলর জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এ সময় শেখ হাসিনা বলেন, "পদ্মা সেতু নিয়ে আলোচনা হয়নি। তবে জার্মানি অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে। আমরা আশা করছি, এই খাতে তারা আরো সহযোগিতা দেবেন।"
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১২০ কোটি ডলার দেওয়ার কথা প্রতিশ্র"তি দিলেও কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে। তবে এই অভিযোগ অস্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রয়োজনে পদ্মা সেতুর জন্য বিকল্প অর্থায়ন খোঁজা হবে।
চ্যান্সেলারির বৈঠকের আগে সকালে বার্লিনের হোটেল অ্যাডলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে দুটি আগ্রহপত্র (জয়েন্ট ডিক্লারেশন অব ইনটেন্ড) স্বাক্ষরিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে গত শনিবার বার্লিনে যান শেখ হাসিনা।
দেশের পথে যাত্রা
সফর শেষে বার্লিন সময় বিকেল ৫টার দিকে টিগেল বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা বিমানে পৌঁছান একটি বিশেষ টার্মিনাল দিয়ে। বিমানবন্দরে প্রতিরক্ষা বাহিনীর একদল সৈনিক প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান এবং জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
দুবাইয়ে যাত্রাবিরতীর পর বুধবার প্রধানমন্ত্রীর দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১৫০ ঘ.
bdnews24