ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কে ভূমিকম্পে প্রাণহানী ও সম্পদের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কে ব্যাপক প্রানহানী ও ক্ষয়ক্ষতিতে সে দেশের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, "এ সংকটের মুহূর্তে বাংলাদেশের মানুষ তুরস্কের জনতার পাশে দাঁড়াতে প্রস্তুত।"
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, "ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শিগগিরই তুরস্ক কাটিয়ে উঠতে পারবে বলে আশা করি।"
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বার্লিনে অবস্থান করছেন । সেখানে রোববার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগ্লুর প্রতি গভীর সমবেদনা জানিয়ে পাঠানো শোক বার্তায় বলেন, "তুরস্কের জনগণের প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৫৫ ঘ.
bdnews24