২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

গাজীপুর সদর উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়। সোমবার গাজীপুর আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মো. নজরুল ইসলাম, গাজীপুরের মাহবুব, বাশার মাষ্টার, হামিদ মাষ্টার ও হামিদ দোকানদার। জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, শুক্রবার সদরের জরুন এলাকার কৃষক অপুল দেওয়ানের কাছে অভিযুক্ত নজরুল নিজেকে দুদক কর্মকর্তা বলে পরিচয় দিয়ে তার (অপুল) বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার অভিযোগপত্র দেখান। ওই অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে অপুলের কাছে নজরুল পাঁচ লাখ টাকা দাবি করেন। অপুল ওইদিন নজরুলকে আড়াই হাজার টাকা দিয়ে বাকি টাকা রোববার নিতে বলেন। রোববার সন্ধ্যায় অপুলের বাড়িতে টাকা নিতে গেলে নজরুলকে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ করে। এতে নজরুলকে প্রতারক বলে নিশ্চিত হলে তারা আটক করে পুলিশে দেয়। পরে তার স্বীকারুক্তি মতে অপর সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অপুল বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.