ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর করণীয় নির্ধারণ করা যাবে- বলেছেন শিক্ষামন্ত্রী।
সোমবার সংসদ অধিবেশনে সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ লিখিত বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরিবিধিমালা লংঘন করে চরম জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত আট শতাধিক কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না।"
শিক্ষামন্ত্রী সংসদে অনুপস্থিত থাকায় তার পক্ষে প্রশ্নোত্তরের জবাব দেন শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন।
শিক্ষামন্ত্রী বলেন, "তাছাড়া হাইকোর্ট তাদের চাকরি অবৈধ ঘোষণা করেছে এবং বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চে বিচারাধীন।
"এ জন্য মানবিক বিবেচনাতেও তাদের চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই। সুপ্রিম কোর্টের রায়ের পরই এ বিষয়ে করণীয় নির্ধারণ করা যাবে।"
শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রমের অধিভুক্ত কলেজের সংখ্যা তিনশ ১৯টি। ২০০৮ সালে এ সংখ্যা ছিল দুশ একটি। বর্তমান সরকারে ক্ষমতা গ্রহণের পর স্নাতক (সম্মান) কলেজের সংখ্যা একশ ১৮টি বেড়েছে।"
চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আটশ সাতজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরি গত ২৩ অগাস্ট এক আদেশে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই আদেশের প্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর তাদেরকে চাকরিচ্যুতির নোটিস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঈদুল আজহার আগে চাকরিতে পুনর্বহালের দাবিতে গত ১৪ অক্টোবর আত্মাহুতির হুমকি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৯ ঘ.
bdnews24