২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস ধর্মঘট শুরু

বাস ভাংচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাংচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। সোমবার দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের বাস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান, ইজিবাইক ও পণ্যবাহী যানবাহনে তাদের চলাচল করতে হচ্ছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, সকালে মহাসড়কে চলাচলের সময় পুলিশ বেশকিছু নছিমন আটক করে। এর প্রতিবাদে নছিমন চালকরা বেদগ্রামে রাস্তা অবরোধ করে। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে নসিমন চালকরা অবরোধ তুলে নেয়। এর জেরে দুপুরে নছিমন চালকরা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার গোলাবাড়িয়ায় তিনটি বাস ভাংচুর করে। এ সময় তিনজন বাস শ্রমিক আহত হয়। এরপর বাস শ্রমিকরা পুলিশ লাইন মোড়ে দুইটি নছিমন ভাংচুর করে। বিকালে বাস শ্রমিকরা জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, নছিমন চলাচল বন্ধের লক্ষ্যে মহাসড়কে পুলিশ বেশকিছু নছিমন আটক করে। এর জেরে নছিমন চালকরা তিনটি বাস ভাংচুর ও শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে দুপুর শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.