ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে হস্তান্তরিত প্লটগুলোয় আগামী তিন বছরের মধ্যে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করা সম্ভব হবে।
সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হক চুন্নুর লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ কথা বলেন।
তিনি বলেন, "রাজধানীর কুড়িল ইন্টারসেকশন থেকে পূর্বাচল প্রকল্পে যাতায়াতের সংযোগ সড়ক নির্মাণের কাজ ২০১৩ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।"
ওই প্রকল্পের তিনটি সেক্টরের প্লট ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "একটি সেক্টরের প্লট হস্তান্তর করা হচ্ছে। আরো চারটি সেক্টরে শিগগির প্লট হস্তান্তরের কার্যক্রম শুরু হবে।"
"হস্তান্তরিত প্লটগুলোর ভূমি উন্নয়ন ও সংযোগ সড়ক নির্মাণ শেষ হলেও বাড়ি নির্মাণের জন্য পানি, বিদ্যুৎ, গ্যাসসহ ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থাগুলোর কাজের অগ্রগতির ওপর বাড়িঘর তৈরির বিষয়টি নির্ভর করছে", বলেন মান্নান খান।
"তবে আশা করা যায়, আগামী ৩ বছরের মধ্যে হস্তান্তরিত প্লটগুলোতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করা যাবে।"
'দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন'
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ লিখিত প্রশ্নের জবাবে সংসদে জানান, জরিপ করা ভিক্ষুকদের মধ্যে দুই হাজার ভিক্ষুককে প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার।
আবদুল্লাহ আল কায়সারের এক প্রশ্নের জবাবে তিনি মন্ত্রী বলেন, "ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ঢাকা শহরের ১০টি জোনের প্রতিটিতে এক হাজার করে সর্বমোট ১০ হাজার ভিক্ষুকের জরিপ সম্পন্ন করা হয়েছে।"
এদের মধ্যে থেকে দুহাজার জনকে বাছাই করে পাইলট কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
বিকালে সংসদের একাদশ অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচি শুরু হয়। এদিনও বিরোধী দল সংসদে ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫০ ঘ.
bdnews24